ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষের কম্পিউটার ব্যবস্থায় সাম্প্রতিক সাইবার হামলায় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ কয়েকজন আইনপ্রণেতার ইমেইল অ্যাকাউন্ট আক্রান্ত হয়েছে। মঙ্গলবার ইতালির বার্তা সংস্থা আনসা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, হামলায় পার্লামেন্টের নিম্নকক্ষের পুরো কম্পিউটার ব্যবস্থা আক্রান্ত হলেও প্রযুক্তিবিদরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর পালাজ্জো চিগির সূত্র জানিয়েছে, আক্রান্ত ইমেইল অ্যাকাউন্টটি মেলোনি সরকারি যোগাযোগের কাজে ব্যবহার করেন না।
অন্যদিকে, পার্লামেন্টের নিম্নকক্ষের সূত্রগুলো বলেছে, ঘটনাটিকে জরুরি নিরাপত্তা পরিস্থিতি হিসেবে বিবেচনা করা হচ্ছে না। এ ধরনের সাইবার হামলা প্রতিদিনই ঘটে বলেও উল্লেখ করেছে তারা।
আনসার বরাতে সূত্রগুলো জানায়, জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব সুরক্ষাব্যবস্থা নেওয়া হয়েছে। এসব ব্যবস্থার অংশ হিসেবে কম্পিউটার ব্যবস্থার কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে, যা স্বাভাবিক নিরাপত্তা প্রক্রিয়ার অংশ।
সূত্রগুলো আরও জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে এ ধরনের হামলা এবং তথ্যপ্রযুক্তি ব্যবস্থার ওপর চাপ বেড়েছে বলে মনে হচ্ছে। ইতালির পাশাপাশি ইউরোপীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানও একই ধরনের হামলার শিকার হচ্ছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
