কালবেলা · আন্তর্জাতিক
নেতানিয়াহুর বিপক্ষে ভোট দিয়ে ফেরার পর ৯৪ বছর বয়সী ইসরায়েলির মৃত্যু
10/27/2026

ইসরায়েলে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার পর বাড়ি ফিরে মারা গেছেন ৯৪ বছর বয়সী ইসরায়েল ক্রেইস। তার মেয়ে শার্লি দেশটির সংবাদমাধ্যম ওয়াইনেটকে এ তথ্য জানিয়েছেন।
শার্লি জানান, তার বাবা ইসরায়েলের রামাত গান শহরের বাসিন্দা। বয়স ৯৪ বছর হলেও ভোট দেওয়ার বিষয়ে তিনি অনড় ছিলেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী ইয়ারশার দলের নেতা গাদি আইজেনকটকে ভোট দিতে চাওয়ায় বাবাকে গাড়িতে করে ভোটকেন্দ্রে নিয়ে যান তিনি।
শার্লি বলেন, ‘আমি তাকে গাড়িতে করে ভোট দিতে নিয়ে গিয়েছিলাম। ফেরার পথে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই তিনি ভেঙে পড়ে যান এবং ভবনের প্রবেশপথে মারা যান।’
এদিকে ইসরায়েলে নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতির কারণে রাত ১০টার পরও ভোটকেন্দ্র খোলা রাখার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। নির্ধারিত সময়ে ভোটকেন্দ্রে ভোট দেওয়ার অপেক্ষায় থাকা সবাই ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় নির্বাচন কমিটির ভারপ্রাপ্ত মহাপরিচালক ডিন লিভনে বলেছেন, রাত ১০টায় ভোটকেন্দ্রের সামনে ভোটারদের সারি থাকলে ভোটগ্রহণ চলবে। ওই সময়ের মধ্যে ভোট দিতে আসা প্রত্যেক ব্যক্তি ভোট দেওয়ার সুযোগ না পাওয়া পর্যন্ত কেন্দ্রগুলো চালু থাকবে।
নেসেট ভবনে অবস্থিত কেন্দ্রীয় নির্বাচন কমিটির নিয়ন্ত্রণকেন্দ্র থেকে দেওয়া এক আপডেটে লিভনে বলেন, অনেক ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি রয়েছে। ভোটার উপস্থিতি বেশি হলে এমন পরিস্থিতি তৈরি হওয়াটাই স্বাভাবিক।
সূত্র : টাইমস অব ইসরায়েল
মূল প্রতিবেদনে যান ↗