ইরানের বিরুদ্ধে ফের বোমা হামলার হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন দেশটির সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা শেখ। তিনি বলেছেন, ইরানি জাতিই ‘মাদার অব অল বোম্বসের’ পিতা ও মাতা। এ সময় যুক্তরাষ্ট্রের হুমকিতে ভয় না পেয়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার বার্তাও দিয়েছেন তিনি।
ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর মার্কিন হুমকির প্রসঙ্গ তুলে আলিরেজা শেখ বলেন, শত্রুপক্ষের অতিরিক্ত দাবি ও চাপের জবাব দৃঢ়ভাবে দেবে ইরানের জনগণ। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের মতো একটি জাতির বিরুদ্ধে শত্রুপক্ষ তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না উল্লেখ করে এই সেনা কর্মকর্তা বলেন, বোমা দিয়ে কোনো সভ্যতাকে ধ্বংস করা যায় না। মনে রাখবেন, ইরানি জাতিই ‘মাদার অব অল বোম্বসের’ পিতা ও মাতা।
তিনি আরও বলেন, হুমকির জবাব দিতে সেনাবাহিনী ও অন্যান্য সশস্ত্র বাহিনীর প্রস্তুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যে কোনো হুমকি মোকাবিলায় ইরানের সেনাবাহিনী এখন প্রস্তুত এবং অস্ত্রের ট্রিগারে আঙুল রেখে অপেক্ষা করছে।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে মার্কিন সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানে সামরিক অভিযান শুরুর নির্দেশ দিলে এই বোমা ব্যবহার করা হতে পারে বলে কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে জানায় সংবাদমাধ্যমটি।
সূত্র : মেহর নিউজ
