চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল দুই দিন পিছিয়ে ৩১ অক্টোবর শনিবার প্রকাশ করা হবে। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি সৈয়দ আক্তারুজ্জামান।
এর আগে শনিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, কাল বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।
যেভাবে দেখা যাবে ফল : আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেলা ১১টায় ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন শিক্ষার্থীরা। এ ছাড়া শিক্ষা বোর্ডের ওয়েটসাইটে গিয়ে নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্টশিট ডাউনলোড ফল দেখা যাবে। এ ছাড়া এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফল জানতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ড থেকে প্রকাশিত ফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এইচটিটিপিএস://এডুকেশনবোর্ডরেজাল্টস.গভ.বিডি ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য এই ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলো।
পরীক্ষার্থীরা পরীক্ষার ফল স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবেন। পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট এইচটিটিপিএস://এডুকেশনবোর্ডরেজাল্টস.গভ.বিডি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন।
এ ছাড়া, পরীক্ষার্থীরা যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠানোর মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন। এসএমএসের মাধ্যমে ফল জানতে এইচএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু ১ নভেম্বর : প্রকাশিত ফলে অসন্তুষ্টদের খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু হবে ১ নভেম্বর। এ কার্যক্রম শেষ হবে ৭ নভেম্বর। বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, খাতা চ্যালেঞ্জের আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ উদ্বোধনের অনুষ্ঠান করা হবে। অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গেই স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে।