ইয়েমেনে সরকারি বাহিনীর ব্যাপক সামরিক অভিযানেও থামানো যাচ্ছে না সশস্ত্র গোষ্ঠী হুতিদের অগ্রযাত্রা। বিভিন্ন রণাঙ্গনে গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে ৬৬১টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এসব হামলায় হুতিদের ১৭৩ যোদ্ধা নিহত অথবা আহত হয়েছেন। তবে এর মধ্যেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অন্তর্বর্তী রাজধানী এডেনের দিকে এগিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীটি। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সরকারি বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি সোমবার জানিয়েছেন, ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। এর মধ্যে ১৫টি বিমান হামলা, ৫২৬টি কামান হামলা, ৫৩টি চালকবিহীন উড়োজাহাজ হামলা এবং ৬৭টি ক্ষেপণাস্ত্র হামলা রয়েছে। গত ৫ অক্টোবর শুরু হওয়া এ অভিযানের লক্ষ্য হুতিদের নিয়ন্ত্রণে থাকা ভূখ- পুনরুদ্ধার করা, যার মধ্যে রাজধানী সানাও রয়েছে। সরকারি বাহিনীর দাবি, হামলায় হুতিদের ৭১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের কয়েকটি নিয়ন্ত্রণকেন্দ্র, পর্যবেক্ষণ চৌকি ও প্রতিরক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সরকারি বাহিনীর অনুকূলে নেই। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছের কৌশলগত অবস্থানগুলো থেকে সেনাদের পিছু হটতে হয়েছে। সরকারি বাহিনীর দাবি, এডেন ও আশপাশের অঞ্চল রক্ষায় সেনাদের নতুন করে সংগঠিত করা হচ্ছে। অন্যদিকে হুতিরা সরকারি বাহিনীর গুরুত্বপূর্ণ সরবরাহ পথ বিচ্ছিন্ন করে দিয়েছে। ইয়েমেনে সামরিক বিপর্যয়ের মধ্যে সৌদি আরব নেতৃত্বাধীন জোট বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সৌদি বাদশাহ সালমানের রাজকীয় আদেশে তাকে প্রতিরক্ষামন্ত্রীর সামরিক উপদেষ্টা করা হয়েছে। নতুন করে যৌথ বাহিনীর কমান্ডারের দায়িত্ব পেয়েছেন জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলি। পশ্চিমা দুই কূটনীতিকের মতে, ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে বিপর্যয় এবং হুতিদের ধারাবাহিক অগ্রগতির কারণেই এ পরিবর্তন আনা হয়েছে। এদিকে ইয়েমেনের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে হুতিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার একটি বিল অনুমোদন করেছে। এতে গোষ্ঠীটির কর্মকা- ও অর্থায়নকে অপরাধ হিসেবে গণ্য করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচার এবং সম্পদ বাজেয়াপ্ত করার বিধান রাখা হয়েছে।
Rupali Bangladesh · Crime & Law
৬৬১ হামলায়ও থামছে না হুতিরা, এডেনের পথে অগ্রযাত্রা
11/18/2026
মূল প্রতিবেদনে যান ↗