‘মবকে নীরব সমর্থন দিচ্ছে এনসিপি’: সাবেক সমন্বয়ক কাদের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তির সাবেক নেতা আবদুল কাদের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন সংবেদনশীল ইস্যুতে দলটির নীরবতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। রোববার রাতে ফেসবুকে দেওয়া এক ....
বাংলাদেশ
জার্নাল ডেস্কবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তির সাবেক নেতা আবদুল কাদের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন সংবেদনশীল ইস্যুতে দলটির নীরবতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। রোববার রাতে ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এনসিপিকে জুলাই গণঅভ্যুত্থানের ‘ধ্বজাধারী’ আখ্যা দিয়ে দলটির প্রশ্নবিদ্ধ ‘মধ্যপন্থী’ রাজনীতির কঠোর সমালোচনা করেন।
ফেসবুক পোস্টে আবদুল কাদের অভিযোগ করেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা এবং মব করে জোরপূর্বক কবর ভরাট করে ফেলার মতো অমানবিক ঘটনায় এনসিপি সম্পূর্ণ নির্বিকার ছিল। ১৭ ঘণ্টা পর রাতের আঁধারে মোবাইলের আলো জ্বেলে প্লেট দিয়ে মাটি খুঁড়ে তার দাফন সম্পন্ন করতে হয়। এই ঘটনায় এনসিপি আনুষ্ঠানিক কোনো বিবৃতি তো দেয়ইনি, বরং তারা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের পক্ষ নিয়ে মবকে নীরব সমর্থন দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পূজার সময় মন্দির প্রাঙ্গণে গরুর মাংস রান্নার মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী উসকানিমূলক কর্মকাণ্ডে খোদ এনসিপির ছাত্রসংগঠনের (ছাত্রশক্তি) নেতার সম্পৃক্ততা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। চট্টগ্রাম প্রেসক্লাবে নারী লাঞ্ছনা, রাজনৈতিক নেতাদের লালসার শিকার হওয়া নারীদের পক্ষে না দাঁড়ানো এবং মাদ্রাসায় শিশু নির্যাতনের বিষয়ে এনসিপি নেতাদের রহস্যজনক নীরবতারও তীব্র সমালোচনা করেন তিনি।
কাদের আক্ষেপ করে বলেন, নারী অধিকার, অসাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গঠিত দলটির এই নিশ্চুপ অবস্থান তাদের প্রতিশ্রুত ‘নতুন বন্দোবস্তের’ চরম পরিপন্থী এবং জামায়াত পরিচালিত রাজনীতিরই একটি প্রতিচ্ছবি মাত্র।
বাংলাদেশ জার্নাল/ওএফ
