Published on
:
2 min read
২০২০ সালে বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনা ঘিরে নতুন করে সরব হলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। সোমবার একটি সাংবাদিক বৈঠক করে কৌস্তভ দাবি করেন, খুনের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে বিজেপির কয়েকজন নেতাকে দেখা যাচ্ছে। কৌস্তভ নিশানা করেছেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিংকে। যদিও বিষয়টি নিয়ে মন্ত্রী অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া মেলেনি।
এ দিনের সাংবাদিক বৈঠকে কয়েকটি ছবিও সামনে আনেন তিনি। কৌস্তুভের কথায়, ‘আমাদের কিছু লোকের সঙ্গে মণীশ শুক্লার হত্যাকারীদের দেখা যাচ্ছে। এগুলো দেখতে ভাল লাগছে না।’ এর পরেই কৌস্তভ উল্লেখ করেন, ব্যারাকপুর পুরসভার প্রাক্তন পুর প্রধান উত্তম দাস, টিটাগর পুরসভার প্রাক্তন পুর প্রধান প্রশান্ত চৌধুরী বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন। সেই কারণেই তাঁরা বিজেপির কয়েকজন নেতার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন।
রাজ্যের মন্ত্রী অর্জুনের কথা উল্লেখ করে কৌস্তভ বলেন, ‘অর্জুন সিংয়ের প্রতি আমার কোনও ব্যক্তিগত রাগ নেই। উনি আমাদের অভিভাবক। তবে আপনার সঙ্গে এদের ছবি দেখতে ভালো লাগে?’
উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীর বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন কৌস্তভ। তাঁর সাফ কথা, কোনও অবস্থাতেই ওই দু’জনকে দলে ঢুকতে দেবেন না। এর আগেও রাজনৈতিক অবস্থানের কারণে দীর্ঘদিন মাথা কামিয়ে রেখেছিলেন। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ করার হুঁশিয়ারি দেন তিনি। কৌস্তভ বলেন, ‘আমি ওঁদের বিজেপিতে আসতে দেবো না। দেবো না, দেবো না। এর জন্য যদি বিজেপির সদর দপ্তরে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিতে হয়, তাই করব।’
উল্লেখ্য, ২০২০ সালে টিটাগড়ে বিজেপি কার্যালয়ের সামনে গুলি করে খুন করা হয়েছিল মণীশ শুক্লাকে। সেই ঘটনা তৎকালীন সময়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন ফেলেছিল। সেই পুরনো খুনের মামলা ঘিরেই নতুন করে সরব হয়েছেন কৌস্তভ। তাঁর দাবি, মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন করে আইনি প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নিচ্ছেন তিনি। এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যসচিব, সিআইডির ডিজি এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে চিঠি লেখার কথাও জানিয়েছেন।
