ক্রিকেটের নিলাম মানেই সাধারণত টাকার ঝনঝনানি, পছন্দের খেলোয়াড়কে দলে পেতে ফ্র্যাঞ্চাইজিগুলোর পাল্টাপাল্টি দর হাঁকা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ঘরোয়া টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি বা ডি থ্রি ট্রফিতে সেই চেনা ছবিতে এসেছে ভিন্নতা! এখানে ক্রিকেটারদের নিয়ে লড়াই হচ্ছে ঠিকই, তবে টাকার অঙ্কে নয়, পয়েন্টের হিসাবে। আর সেই পয়েন্টের বাজারে রীতিমতো ঝড় তুলেছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।
আগামী ডিসেম্বরে মাঠে গড়ানোর কথা তিন ফরম্যাটের এই টুর্নামেন্টের। শুরুটা হবে টি-টোয়েন্টি দিয়ে। তার আগে অনুষ্ঠিত নিলামে সবচেয়ে বেশি চাহিদা তৈরি করেছেন তানজিদ হাসান। তাকে দলে পেতে দলগুলোর মধ্যে চলেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত ২ কোটি পয়েন্টে এই ওপেনারকে নিজেদের করে নিয়েছে ফরচুন। আজকের নিলামে এখন পর্যন্ত নিলামে এটিই সর্বোচ্চ দর।
তামিমের আগে নিলামের উত্তাপ ছড়িয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাকে দলে পেতে ১ কোটি ৫৫ লাখ পয়েন্ট খরচ করেছে ফরচুন। তবে নিলামের শুরুতে সবচেয়ে আলোচিত নাম ছিলেন শেখ মেহেদী হাসান। প্রথম ডাকেই তার দর ওঠে দেড় কোটি পয়েন্ট। শেষ পর্যন্ত এই লড়াইয়ে জয়ী হয় ব্লু স্টার। নিলামের শুরুতে আলোচনার কেন্দ্রে থাকা মেহেদীকে ছাড়িয়ে গেছেন শান্ত, আর দুজনকেই পেছনে ফেলেছেন তানজিদ হাসান।
তারকাদের নিয়ে ফরচুনের আগ্রহও ছিল চোখে পড়ার মতো। শান্ত ও তানজিদের পাশাপাশি দলটি দলে ভিড়িয়েছে সৌম্য সরকার এবং রিশাদ হোসেনকে। সৌম্যর জন্য ওয়ালটনের সঙ্গে লড়াই হলেও শেষ পর্যন্ত ৭৫ লাখ পয়েন্টে তাকে কিনে নেয় ফরচুন। অন্যদিকে ৬০ লাখ পয়েন্টে রিশাদকে দলে পেয়েছে দলটি। যদিও টুর্নামেন্টের টি-টোয়েন্টি পর্বে রিশাদকে পাওয়া যাবে না। ওই সময় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার কথা রয়েছে এই লেগ স্পিনারের।
নিলামে আলোচনায় ছিলেন মুস্তাফিজুর রহমানও। বিগ ব্যাশে খেলার অনুমতি পাওয়ায় ডি থ্রির টি-টোয়েন্টি সংস্করণে তার অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। শেষ পর্যন্ত ৭০ লাখ পয়েন্টে তাকে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। একই দল ৮০ লাখ পয়েন্টে কিনেছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে।
তবে এই নিলামের বিশেষত্ব শুধু তারকাদের দরদামেই সীমাবদ্ধ নয়। দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন কাঠামো দাঁড় করানোর লক্ষ্য নিয়ে আয়োজন করা হচ্ছে ডি থ্রি ট্রফি। ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। দলগুলো হলো অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লু স্টার।
নিলামের জন্য চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ২৭৫ ক্রিকেটার। তাদের ভাগ করা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে। 'এ' ক্যাটাগরিতে রয়েছেন ২২ জন, 'বি' ক্যাটাগরিতে ২৫ জন, 'সি' ক্যাটাগরিতে ৭০ জন, 'ডি' ক্যাটাগরিতে ৫২ জন এবং 'ই' ক্যাটাগরিতে ১১২ জন ক্রিকেটার। সব মিলিয়ে প্রাথমিক তালিকায় ছিলেন ২৮১ জন। এর মধ্যে ছয়জন আইকন ক্রিকেটারের দল আগেই চূড়ান্ত হয়ে গেছে।
আইকন ক্রিকেটার হিসেবে অ্যাকমিতে মোসাদ্দেক হোসেন সৈকত, সিটিজেনস ব্যাংকে মোহাম্মদ নাঈম শেখ, সেভেন রিংস সিমেন্টে মুশফিকুর রহিম, ব্লু স্টারে নুরুল হাসান সোহান, ফরচুনে তাওহীদ হৃদয় এবং ওয়ালটনে খেলবেন মেহেদী হাসান মিরাজ।
ডি থ্রি ট্রফির প্রথম নিলামেই স্পষ্ট হয়েছে দলগুলোর তারকা ক্রিকেটার পাওয়ার আগ্রহ। তবে অর্থের বদলে পয়েন্টভিত্তিক এই নিলাম ঘরোয়া ক্রিকেটে কতটা নতুন প্রতিযোগিতার আবহ তৈরি করতে পারে, সেটিই এখন দেখার বিষয়। ডিসেম্বরে মাঠের লড়াই শুরু হলে নিলামের এই উত্তাপ কতটা ক্রিকেটীয় উত্তেজনায় রূপ নেয়, সেদিকেই থাকবে নজর।
