অভিযোগকারী মো. আবু সৈয়দ ওরফে আবু (৫২) চন্দনাইশ পৌরসভার পূর্ব চন্দনাইশ এলাকার চৌধুরীপাড়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মধ্যম চন্দনাইশ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে জাহেদ ড্রাইভারের বাড়ির সামনে সড়কের পূর্ব পাশে প্রায় ২০ শতক নাল জমি খাজনায় নিয়ে পেঁপে, কলা ও বিভিন্ন ধরনের শাকসবজির বাগান গড়ে তুলেছেন আবু সৈয়দ।
অভিযোগে পারভেজ (২৭), মো. আসিফ (২৩) ও মো. জিহান (২৮) নামের তিন যুবককে অভিযুক্ত করা হয়েছে। আবু সৈয়দের অভিযোগ, গত ২৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে ওই তিন যুবক তাঁর বাগান থেকে তিনটি বড় সাগর কলার ছড়া এবং আনুমানিক এক মণ কাঁচা-পাকা পেঁপে নিয়ে যান। চুরি হওয়া ফসলের আনুমানিক বাজারমূল্য পাঁচ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
কৃষক আবু সৈয়দের দাবি, ঘটনার সময় স্থানীয় বাসিন্দা মো. সেলিম, তাঁর ছেলেসহ কয়েকজন পথচারী বিষয়টি দেখতে পান। পরে তাঁরা তাঁকে ঘটনাটি জানান। এরপর অভিযুক্তদের কাছে বিষয়টি জানতে চাইলে তাঁরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে তাঁর পুরো পেঁপে ও কলাবাগান ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগকারী আরও দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত তিন যুবকের বক্তব্য পাওয়া যায়নি।
ফসল উৎপাদনে শ্রম ও অর্থ বিনিয়োগের পর এমন ঘটনায় আর্থিক ক্ষতির পাশাপাশি বাগানের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কৃষক আবু সৈয়দ। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ ঘটনায় আইনগত প্রতিকার চেয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
The post চন্দনাইশে কৃষকের বাগান থেকে ৫ হাজার টাকার ফসল চুরির অভিযোগ, প্রতিবাদে ধ্বংসের হুমকি appeared first on ভোরের চেতনা.
