পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্পনসর্ড শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানাল শিক্ষক সংগঠনের একাংশ।
রাজ্য সরকার গঠিত সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার আগেই এই দাবি বিবেচনার জন্য স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মনকে চিঠি পাঠিয়েছে বেঙ্গল টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ় অ্যাসোসিয়েশন (বিটিইএ)। সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল ইমেলের মাধ্যমে এই আবেদন জানিয়েছেন।
সংগঠনের দাবি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্পনসর্ড শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের গ্রান্ট-ইন-এড ব্যবস্থার আওতায় না-রেখে সরাসরি রাজ্য সরকারের অধীনে আনা হোক। তাঁদের সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়ার পাশাপাশি সেই অনুযায়ী সুযোগসুবিধা নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংগঠনটি।
বিটিইএ-র তরফে জানানো হয়েছে, এই দাবি দীর্ঘদিনের। আগের বামফ্রন্ট সরকার এবং তৃণমূল কংগ্রেস সরকারের আমলেও একাধিক বার বিষয়টি নিয়ে সরব হয়েছে সংগঠন। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও স্থায়ী সমাধান হয়নি বলেই অভিযোগ করা হয়েছে চিঠিতে।
চিঠিতে দেশের অন্যান্য রাজ্যের উদাহরণও তুলে ধরেছে সংগঠনটি। তাদের দাবি, দেশের বেশির ভাগ রাজ্যেই শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা সরাসরি রাজ্য সরকারের অধীনে সরকারি কর্মচারীর মর্যাদা পান। এমনকি বিজেপি-শাসিত রাজ্যগুলিতেও শিক্ষকদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে দাবি সংগঠনের।
সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার আগে বিষয়টি বিবেচনা করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে বিটিইএ। সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের বলেন, ‘‘স্কুলশিক্ষামন্ত্রী দাবিটির গুরুত্ব বুঝে রাজ্য সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করবেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ করবেন।’’ যদিও এই দাবির বিষয়ে রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত বা প্রতিক্রিয়ার কথা জানানো হয়নি।
