শিক্ষার্থী ও শিক্ষকসহ ক্যাম্পাস-সংশ্লিষ্টদের জন্য সহজ হবে ব্যাংকিং সেবা
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ০৯:৪৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
বিইউবিটির স্থায়ী ক্যাম্পাসে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৯০তম উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) স্থায়ী ক্যাম্পাসে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ৯০তম উপশাখার কার্যক্রম চালু হয়েছে। এর ফলে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সহজে ব্যাংকিং সেবা নিতে পারবেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার মিরপুরে বিইউবিটির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে উপশাখাটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউবিটি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. আবু সালেহ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. আবু সালেহ বলেন, ক্যাম্পাসে ব্যাংকের উপশাখা চালু হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক লেনদেন সহজ ও সময়সাশ্রয়ী হবে। এ উদ্যোগ ক্যাম্পাসের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে ব্যাংকিং সেবা সহজলভ্য করতে ভূমিকা রাখবে।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বলেন, এ উপশাখা শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস, আর্থিক সচেতনতা ও দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়ক হবে। পাশাপাশি শিক্ষার্থীরা শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা গ্রহণে আরও আগ্রহী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে মো. রাফাত উল্লা খান বলেন, আধুনিক ও শরিয়াহভিত্তিক সুদমুক্ত ব্যাংকিং সেবা মানুষের কাছে পৌঁছে দিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কাজ করছে। নতুন উপশাখার মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকরা সহজে ব্যাংকিং সেবা পাবেন। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য এবং রেমিট্যান্সসংক্রান্ত সেবা নিতে পারবেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান শামসুল হুদা এফসিএ, সদস্য মো. শিহাব রিজওয়ান এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সরফরাজ হামিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ্।
উল্লেখ্য, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বর্তমানে সারাদেশে ২২৬টি শাখা, ৯০টি উপশাখা ও ৭৩৮টি এজেন্ট আউটলেটের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিচ্ছে।

