রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে জনি (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিসাত মিয়া (২৭) নামের আরেক যুবক আহত হয়েছেন।
নিহত জনির বাড়ি যাত্রাবাড়ীর কাজলার পাড়ের মাতবর গলি এলাকায়। তার বাবার নাম আবুল কাশেম।
এ ঘটনায় আহত নিসাতকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাতটা থেকে আটটার মধ্যে যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা ৪ নম্বর গেট-সংলগ্ন ডেমরা সড়কে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে কয়েকজন যুবক ছিনতাই করেছেন—এমন অভিযোগে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। পরে দুজনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এ সময় আরো দুজন পালিয়ে যান। গণপিটুনিতে ঘটনাস্থলেই জনি মারা যান। আহত নিসাতকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, নিহত জনির মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
