জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক এবং পরিচালক (ছাত্রকল্যাণ) হিসেবে তিন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রক্টর হিসেবে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমদ, জনসংযোগ-তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুর রহমান এবং ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব নিয়োগের তথ্য জানানো হয়। আগামীকাল বুধবার থেকে তাদের নিয়োগ কার্যকর হবে।
অফিস আদেশ অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি অনুসারে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অধ্যাপক ড. নাছির আহমদকে পরবর্তী দুই বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে প্রথম সংবিধির ১৪(১) ধারা অনুসারে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েলকে দুই বছরের জন্য ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, অধ্যাপক ড. মো. আনিসুর রহমানকেও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দুই বছরের জন্য জনসংযোগ-তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত তিন শিক্ষকই বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক ড. নাছির আহমদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা করা এটা আমাদের সবার দায়িত্ব। আমরা সবাই মিলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনা করব, এটাই আমি চাই। এটি অনেক জটিল একটি দায়িত্ব। সবার সহযোগিতা ছাড়া আসলে এটি সম্ভব নয়।’
জনসংযোগ-তথ্য ও প্রকাশনা দপ্তরের নতুন পরিচালক অধ্যাপক ড. মো. আনিসুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সবসময় গঠনমূলক ভূমিকা রাখতে চাই। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সবাইকে সঙ্গে নিয়ে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সামনে এগিয়ে যেতে চাই। সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ইতিবাচক অবদান রাখাই হবে আমার লক্ষ্য।’
