মৌলভীবাজারে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটির ২০১তম মাসিক ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বড়লেখা উপজেলা সভাকক্ষে মৌলভীবাজার জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা জজ আদালতের যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মুহাম্মদ রবিউল আউয়াল।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সার্বিক কার্যক্রম পর্যালোচনা, বিচারপ্রার্থী সাধারণ মানুষের জন্য সরকারি আইনগত সহায়তা আরও সহজলভ্য করার কৌশল এবং স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুর রহমান পাভেল, বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াউল হক, বড়লেখা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নাইমা নাদিয়া, পুলিশের কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মৌলভীবাজারের জেলা জেল সুপার তারিক হাসান, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, বড়লেখা সরকারি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক সাদিয়া নাইমা হোসেন এবং কাঁঠালতলী ব্র্যাকের কর্মকর্তা অল্লিকা দাস।
এ সময় মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, জেলা ও বড়লেখা উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যগণ এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
