ঢাকার কেরানীগঞ্জে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে কুসুম বেকারি অ্যান্ড কোম্পানিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কেরানীগঞ্জ মডেলের পশ্চিম কালিন্দী এলাকার ব্রাহ্মণকিত্তা গ্রেড ব্রিজসংলগ্ন কুসুম বেকারি অ্যান্ড কোং কারখানায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।
অভিযানকালে কারখানাটির মেঝে, সিঁড়ি, দরজা-জানালা ও যন্ত্রপাতিতে ময়লার স্তর জমে থাকতে দেখা যায়। এ ছাড়া রেফ্রিজারেটরে কেক ও কাঁচা মাংস একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল। বিভিন্ন ধরনের কেক, বিস্কুট ও খাদ্য উপকরণে কোনো লেবেলও পাওয়া যায়নি।
কর্তৃপক্ষ জানায়, কারখানাটি হালনাগাদ ফায়ার লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোলের প্রমাণক এবং পানি পরীক্ষার সনদ দেখাতে ব্যর্থ হয়। এসব অনিয়মের বিষয়ে দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে ঢাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, কর্তৃপক্ষের অন্যান্য কর্মী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
