পটুয়াখালীর গলাচিপায় লক্ষ্মীপূজা উপলক্ষে আতশবাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে অমিত হাজারি (১৮) নামে এক কিশোরের হাতের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। তার হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতটি রক্ষা করা যাবে কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসক।
রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার গ্রামে এ ঘটনা ঘটে। অমিত ওই গ্রামের অর্জুন হাজারির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপূজা উপলক্ষে আনন্দ-উল্লাসের একপর্যায়ে আতশবাজি (বোমা) ফোটাতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত হন অমিত। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) পাঠানো হয়।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল্লাহ আল নোমান বলেন, অমিতের হাতে ডিগ্লোভিং ইনজুরি হয়েছে। এতে হাতের ত্বক ও নরম টিস্যু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বোমা বিস্ফোরণে তার হাতের অবস্থা গুরুতর। হাতটি রক্ষা করা যাবে কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, লক্ষ্মীপূজা উপলক্ষে আনন্দ-উল্লাস করতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি আরও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
যে আই
