চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ইবনে সিনা হাসপাতালের প্রতিনিধিরা। বৈঠকে ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করে ভবন নির্মাণ এবং সংশ্লিষ্ট নিয়মকানুন মেনে চলার আশ্বাস দিয়েছেন ইবনে সিনার প্রতিনিধিরা। চউক চেয়ারম্যান বৈঠকটিকে সৌহার্দ্যপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন।
চট্টগ্রাম মহানগরীতে হাসপাতালকেন্দ্রিক যানজট নিরসন, পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং পরিকল্পিত নগর উন্নয়ন নিশ্চিত করতে চউকের চলমান উদ্যোগের অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর ) এ বৈঠক অনুষ্ঠিত হয়। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে পর্যাপ্ত পার্কিং সুবিধা নিশ্চিত করা এবং রোগী ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
- Advertisement -
বৈঠকে ইবনে সিনার প্রতিনিধিরা ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করে ভবন নির্মাণের পাশাপাশি প্রযোজ্য নিয়মকানুন মেনে চলার বিষয়ে তাঁদের অঙ্গীকার ব্যক্ত করেন। ভবন নির্মাণ ও পার্কিং ব্যবস্থাপনায় বিধিবিধান অনুসরণের মাধ্যমে নগরীর যানজট সমস্যা কমাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়টিও গুরুত্ব পায়।
চউক চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন হাসপাতালকেন্দ্রিক যানজট নিরসনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, নগরীর পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা জরুরি। হাসপাতালগুলোতে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা থাকলে রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চউকের উদ্যোগ অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধানকে গুরুত্ব দেয়া হবে। একই সঙ্গে বিধিবিধান অনুসরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রমও চলমান থাকবে।
চউক চেয়ারম্যান বৈঠকটিকে সৌহার্দ্যপূর্ণ হিসেবে উল্লেখ করে বলেন, পারস্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে যাওয়া সম্ভব। নগরীর উন্নয়ন ও নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
