গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে লাগা আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চার ইউনিটের প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে নগরীর কোনাবাড়ী থানাধীন দেউলিয়াবাড়ী এলাকায় ওই ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার সন্ধ্যায় কোনাবাড়ীর দেউলিয়াবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেশি থাকায় পার্শ্ববর্তী সারাবো কাশিমপুর ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে যৌথ প্রচেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ করে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানান, ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুরোপুরি আগুন নেভাতে ফায়ার ফাইটাররা কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
