Published : 27 Oct 2026, 04:10 PM
Updated : 27 Oct 2026, 04:10 PM
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান।
দণ্ডপ্রাপ্ত জনি মিয়া (৩৫) সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের দড়িমহলপুর গ্রামের বাসিন্দা।
মামলার বরাতে আইনজীবী জানান, সদর উপজেলার দড়ি হামিদপুর গ্রামের তমা খাতুনের সঙ্গে জনি মিয়ার বিয়ে হয়। বিয়ের পর জনি ইজিবাইক কেনার জন্য স্ত্রী ও তার পরিবারের কাছে আড়াই লাখ টাকা যৌতুক দাবি করেন। তা দিতে অস্বীকৃতি জানালে দাম্পত্য কলহ শুরু হয়।
এরই জেরে ২০১৫ সালের ১৯ মার্চ দুপুরে যৌতুকের জন্য তমাকে মারধর করেন জনি। এতে ঘটনাস্থলেই তমার মৃত্যু হয়। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশ ঘরের ধরনার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
এ ঘটনায় একই বছরের ৬ এপ্রিল তমার মা উম্মে কুলসুম বাদী হয়ে জনি মিয়াকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
আইনজীবী ফজলুল হক বলেন, রায়ে প্রধান আসামি জনিকে মৃত্যুদণ্ড ছাড়াও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর সাত আসামিকে খালাস দেওয়া হয়েছে।
ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মামলার বাদী।
