লক্ষ্মীপুর সদর উপজেলায় গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জাকির হোসেন জুয়েল নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
নিহত জাকির হোসেন জুয়েল পূর্ব নন্দনপুর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কে বা কারা জুয়েলের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার পর মরদেহটি সুপারি বাগানে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, জুয়েল এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, কিছুদিন আগে জুয়েল মাদক মামলায় জামিন পেয়েছিলেন। মাদক নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
