সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই। তবে দোষীদের বিচার এ দেশের মাটিতে হতেই হবে। গতকাল রাজধানীর কাকরাইলে জামায়াতে ইসলামী আয়োজিত পল্টন ট্র্যাজেডি দিবসের আলোচনা সভায়
এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগকে ফ্যাসিস্টদের একটি ক্লাব উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, মিথ্যা মামলা দিয়ে জামায়াত নেতাদের হত্যার ফলাফল আওয়ামী লীগকে অবশ্যই ভোগ করতে হবে। রাজনীতি যদি মানুষের কল্যাণ, দেশ গঠন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করার জন্য হয়, তাহলে আওয়ামী লীগের সেই রাজনীতি করার যোগ্যতা নেই। সে কারণে দলটির বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।
তিনি বলেন, বাংলাদেশকে কোনো ফ্যাসিবাদের হাতে ইজারা দেওয়া হবে না। মাথানত করা হবে না অন্যায়ের কাছে। যারা মানবিক রাজনীতি করবেন, তারাই দেশে রাজনীতি করতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।
গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মানুষ কেবল সংবিধানে সামান্য পরিবর্তনের জন্য গণভোটে রায় দেয়নি; বরং রাজনীতিতে আমূল পরিবর্তন চেয়েছে। এমন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যেখানে দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত হবে এবং ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ পাবে না। তিনি আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ন্যায়বিচার, মানবিকতা ও জনগণের কল্যাণকে রাজনীতির মূল ভিত্তি করতে হবে।
