সামরিক বাহিনীর সংবেদনশীল তথ্য ফাঁস করার অভিযোগে গ্রেফতার হলেন ভারতীয় সেনার এক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন। তামিলনাড়ুর ভেলোর থেকে পাকড়াও করা হয়েছে বাবু পি নামে ওই প্রাক্তন সেনাকর্মীকে। তিনি হোয়াটস্অ্যাপ মারফত বান্ধবীর কাছে সামরিক বাহিনীর বিভিন্ন গোপন তথ্য পাঠিয়েছেন বলে অভিযোগ।
তদন্তকারীদের সন্দেহ, দেশের নিরাপত্তা বাহিনীর বিষয়ে সংবেদনশীল তথ্য জোগাড় করার জন্যই ওই মহিলা বাবুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। ওই তথ্য অন্য কারও কাছে পাচার করা হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তবে তাঁর বান্ধবীর পরিচয় বা সেই মহিলা কোন দেশের নাগরিক— তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ সূত্রে পিটিআই জানাচ্ছে, প্রায় এক বছর আগে বাবুর সঙ্গে হোয়াটস্অ্যাপে যোগাযোগ করেন ওই মহিলা। ডিআর়ডিও-র এক প্রকল্পের সঙ্গে তিনি যুক্ত বলে দাবি করেন বাবুর কাছে। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের বন্ধুত্বও গভীর হয়। পরে ভিডিয়ো কলেও কথা হত দু’জনের। এরই মধ্যে ডিআরডিও-র প্রকল্পের দোহাই দিয়ে ওই মহিলা বাবুর কাছে বেশ কিছু সংবেদনশীল সামরিক তথ্য চেয়ে বসেন। অভিযোগ, বাবু নিজের কাছে যা তথ্য ছিল, তা জানিয়ে দেন ওই মহিলাকে। পাশাপাশি বাহিনীর বিভিন্ন দফতরে এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের সঙ্গেও যোগাযোগ করেন তথ্য সংগ্রহের উদ্দেশে।
পিটিআই সূত্রে খবর, বাবু ভারতীয় সেনায় ২৮ বছর কর্মরত ছিলেন। এই সময়কালে বিভিন্ন বিভাগে কাজ করছেন তিনি। বাহিনীর গোলন্দাজ শাখাতেও কাজ করেছেন তিনি। তবে বান্ধবীর কাছে তিনি কী ধরনের সংবেদনশীল তথ্য ফাঁস করেছেন বলে অভিযোগ, তা প্রকাশ্যে আনেননি তদন্তকারীরা।
