আরিফ খান, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রতিদিনের মতো করে অফিসে আসেন তিনি। স্কুল, ক্লাস, ছাত্রদের পড়াশোনা, শিক্ষকদের দায়িত্ব বন্টন, প্রশাসনিক ব্যবস্থাপনা সব সামাল দিতে হয়, ছুটির ঘন্টার মতো, রুটিন করে। একটা দিন একটু আলাদাই হয়ে গেলো। স্কুলের এক শিক্ষার্থীর গায়ে ছেঁড়া জামা। বিষয়টা চোখে পড়তেই দায়িত্ব যেনো আরো বেড়ে গেলো। পরম মমতায় সেই শিক্ষার্থীকে ডাকলেন কাছে। শুধু তাই নয় তার গায়ের জামাটা অফিসে বসেই নিজ হাতে সেলাই করে দিলেন তিনি। সেই দৃশ্যে মুগ্ধ স্কুলের ছাত্র-ছাত্রী, সহকর্মী শিক্ষকসহ সবাই। শিক্ষার্থীর প্রতি শিক্ষকের এই অভিভাবকত্ব, মমতাবোধ যেন মেলে ধরেছে ভিন্ন একটি দিন, ভিন্ন ক্লাস, ভিন্ন স্কুল, স্কুলের ভেতর রঙিন এক স্কুল! রঙিন সেই স্কুলের বাহবা কুড়ানো শিক্ষিকা হলেন মোছাঃ নাইলা বেগম।
বাহবা কুুুড়ানো সেই স্কুলটি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বেরীকান্দি বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নাইলা বেগম স্কুলের প্রধান শিক্ষক।
জানা গেছে, প্রতিদিনের মতো বিদ্যালয়ে দায়িত্ব পালনকালে এক কোমলমতি শিক্ষার্থীর জামা ছেঁড়া দেখতে পান নাইলা। বিষয়টি নজরে আসার পর তিনি নিজেই সুঁই-সুতো ও কাঁচি হাতে নিয়ে জামাটি সেলাই করে দেন। প্রশাসনিক দায়িত্বের বাইরে গিয়ে একজন প্রধান শিক্ষকের নিজের স্কুলের শিক্ষার্থীর প্রতি এমন আন্তরিকতা ও যত্নের দৃশ্য সহকর্মীদের মুগ্ধ করেছে।
স্কুলের এক সহকর্মী এই প্রতিবেদককে বলেন, একজন শিক্ষকের দায়িত্ব শুধু পাঠ্যবইয়ের পাঠদান কিংবা বিদ্যালয় পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের প্রতি মমতা, তাদের ছোট ছোট সমস্যার প্রতি সংবেদনশীলতা এবং প্রয়োজনে পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই একজন শিক্ষকের প্রকৃত মানবিক রূপ প্রকাশ পায়। নাইলা বেগমের এই উদ্যোগ তারই দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, শিক্ষার্থীর ছেঁড়া জামা সেলাই করে দেওয়ার ঘটনাটি আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও এর মধ্যে রয়েছে গভীর মানবিক শিক্ষা। কোনো উপদেশ না দিয়েই প্রধান শিক্ষক বুঝিয়ে দিয়েছেন, শিক্ষাঙ্গন কেবল পাঠদানের স্থান নয়; এটি স্নেহ, ভালোবাসা ও যত্নে গড়ে ওঠা একটি পরিবার।
সহকর্মীর ভাষ্য অনুযায়ী, নাইলা বেগমের এমন আচরণ বিদ্যালয়ের প্রতি তাদের শ্রদ্ধা ও গর্ব আরও বাড়িয়েছে। একজন শিক্ষক হিসেবে তার এই মানবিক দৃষ্টান্ত অন্যদেরও শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হতে অনুপ্রাণিত করবে।
শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পাশাপাশি তাদের প্রতি সহমর্মিতা, দায়িত্ববোধ ও ভালোবাসা প্রদর্শন যে আদর্শ শিক্ষকতার গুরুত্বপূর্ণ অংশ, নাইলা বেগমের স্নেহে তাই প্রতিফলিত হয়েছে।
