আত্মপ্রকাশের পাঁচ বছর পূর্ণ করেছে গণঅধিকার পরিষদ (জিওপি)। সোমবার (২৬ অক্টোবর) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দলটি।
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উদ্যাপন কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া আগামী ৩০ অক্টোবর ঢাকায় র্যালি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সালের ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গণঅধিকার পরিষদ। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের উদ্যোগে দলটি গঠিত হয়। গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ—এই চারটি মূলনীতিকে সামনে রেখে প্রতিষ্ঠার দিন ২১ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। দলটির স্লোগান ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’।
২০২৪ সালের সেপ্টেম্বরে ট্রাক প্রতীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় গণঅধিকার পরিষদ। দলটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ৯৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পটুয়াখালী-৩ আসনে জয়লাভ করেন দলটির সভাপতি নুরুল হক নুর। বর্তমানে তিনি সরকারের প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বাংলাদেশ নারী অধিকার পরিষদ, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ ও বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ।
গণঅধিকার পরিষদ গঠনের আগে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ নিরাপদ সড়ক, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ, কৃষকদের ন্যায্য দাবি আদায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতাসহ বিভিন্ন ইস্যুতে আন্দোলন করে। এসব কর্মসূচিতে সংগঠনগুলোর নেতাকর্মীদের হামলা, মামলা ও গ্রেপ্তারের মুখে পড়তে হয়েছিল বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
দলটির দাবি, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে গণঅধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে প্রথমদিকে কর্মসূচি ঘোষণা করে এবং আন্দোলনে সরাসরি অংশ নেয়। জুলাই গণ-অভ্যুত্থানে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের ১১ জন নেতাকর্মী শহীদ এবং পাঁচ শতাধিক আহত হন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের ধারাবাহিকতাকে নিজেদের পথচলার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে গণঅধিকার পরিষদ। পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটি তাদের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় জানিয়েছে।
The post গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আজ appeared first on ভোরের চেতনা.
