মায়ের অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে এ পোস্ট দেন তিনি। তার মায়ের সুস্থতা ও শান্তি কামনা করে দেওয়া এ পোস্টে মন্তব্য করে অনেকেই দোয়া ও সুস্থতা কামনা করেছেন।
ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, নিজের মেডিকেল চেকআপ শেষ করে দেশে ফিরেই তিনি দীর্ঘদিন হাসপাতালে ভর্তি অসুস্থ মায়ের কাছে ছুটে গেছেন।
মায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন, ‘মা আজ একটু বেশিই অসুস্থ। উনার মুখটা দেখে মনে হচ্ছে, যেন কষ্টগুলো চুপচাপ জমিয়ে রেখেছেন এই কয়েক দিন।’
পোস্টে মায়ের প্রতি ভালোবাসা ও আবেগ প্রকাশ করে জসিম উদ্দিন লেখেন, ‘মা মানে কী, সেটা তারাই বোঝেন যাদের মা হাসপাতালে। মা মানে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাটার নাম। আর আমার সেই জায়গাটা আজ ৯৪০ দিনেরও বেশি সময় ধরে সংকটে আছে।’
পোস্টে এমপি জসিম উদ্দিন তার মায়ের সুস্থতা ও মানসিক শান্তির জন্য সবার কাছে দোয়া চান। পাশাপাশি আল্লাহ যেন তার মাকে আরও কিছুদিন পরিবারের সঙ্গে রাখেন, সেই প্রার্থনাও করেন।
এদিকে সংসদ সদস্যের এই আবেগঘন পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার মায়ের সুস্থতা ও শান্তি কামনা করেছেন।
