ঠাকুরগাঁওয়ে নজরুল বর্ষ উদযাপন, সংবর্ধিত শিক্ষক রশিদ আলম
ঠাকুরগাঁও প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাহিত্য আলোচনা, বইপড়া উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। এতে রাষ্ট্রীয়ভাবে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাওয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাফেজ মুহ. রশিদ আলমকে সংবর্ধনা দেওয়া হয়।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হক সুমন।
বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী এবং সাহিত্যিক ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মুহম্মদ জালাল উদ্দিন।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় বইপড়া উৎসব।
সাহিত্যচর্চা ও শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি এবং রাষ্ট্রীয়ভাবে ‘গুণী শিক্ষক সম্মাননা’ লাভ করায় হাফেজ মুহ. রশিদ আলমকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীরা অংশ নেন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে নজরুলের জীবনদর্শন ও সাহিত্যকর্ম সম্পর্কে জানতে এবং বই পড়ায় আগ্রহী হতে সহায়তা করে। পাশাপাশি গুণী শিক্ষক ও সাহিত্যসেবীদের সম্মাননা নতুন প্রজন্মকে শিক্ষা ও সাহিত্যচর্চায় উৎসাহিত করে।
