Published on
:
1 min read
এই সময়: কলকাতা বিমানবন্দরের মাথায় আরও এক পালক। রবিবার অত্যাধুনিক এয়ারবাস এ৩৫০ যাত্রী পরিষেবা শুরু করল কলকাতা থেকে। সূত্রের খবর, সময়ের সঙ্গে যাত্রীর চাহিদা বাড়ায় এ বার কলকাতা-দুবাই রুটে আরও একটি উড়ানের সংখ্যা বাড়ালো এমিরেটস। সাপ্তাহিক ১১টি উড়ানের পরিবর্তে রবিবার থেকে ১২টি বিমান চালাবে এই সংস্থা। রবিবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন বিমানটিকে জলকামানের মাধ্যমে স্বাগত জানানো হয়।
নতুন প্রজন্মের এই বিমান পরিষেবা চালু হওয়ায় কলকাতা থেকে আন্তর্জাতিক বিমান যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে মনে করছে বিমান পরিবহণের সঙ্গে যুক্ত ওয়াকিবাহাল মহলের একাংশ। বিশেষ করে পূর্ব ভারতের যাত্রীদের দুবাই-সহ আন্তর্জাতিক গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রে এই সম্প্রসারণ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কলকাতা বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং এমিরেটসের দল ও যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এয়ারবাস এ৩৫০-এর আগমন এবং উড়ানের সংখ্যা বৃদ্ধি পূর্ব ভারতে যাত্রী চাহিদার ক্রমবর্ধমান প্রবণতা ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার উন্নতিরই প্রতিফলন। এমিরেটসের পরিষেবার সাফল্য কামনা করে তিনি যাত্রীদের নিরাপদ ও আনন্দদায়ক যাত্রার কথা তুলে ধরেন।
এয়ারবাস এ৩৫০ দূরপাল্লার যাত্রার উপযোগী আধুনিক যাত্রিবাহী বিমান। উন্নত প্রযুক্তি, যাত্রী–স্বাচ্ছন্দ্য এবং পরিমিত জ্বালানি ব্যবহারের জন্য বিমানটি আন্তর্জাতিক উড়ান পরিষেবায় বিশেষ গুরুত্ব পেয়েছে। কলকাতা-দুবাই রুটে এই বিমানের সংযোজন এবং সাপ্তাহিক উড়ানের সংখ্যা বৃদ্ধি শহরের আন্তর্জাতিক বিমান যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করল। রবিবার ২৫ অক্টোবর থেকেই এমিরেটসের দৈনিক কলকাতা-দুবাই পরিষেবায় এ৩৫০ বিমান চালু হওয়ায় এই বিমানে বিজ়নেস ক্লাসের পাশাপাশি প্রিমিয়াম ইকোনমি শ্রেণীর সুবিধাও রয়েছে। বাকি পাঁচটি সাপ্তাহিক পরিষেবায় থাকবে আধুনিক বোয়িং ৭৭৭ বিমান।
ফলে কলকাতা-দুবাই রুটের ১২টি সাপ্তাহিক উড়ানেই প্রিমিয়াম সূচি অনুযায়ী, দুবাই থেকে আসা ইকে ৫৭০ উড়ানের কলকাতায় পৌঁছনোর নির্ধারিত সময় সকাল ৭টা ৪০ মিনিট। আর কলকাতা থেকে যাত্রী নিয়ে পুনরায় দুবাই ফিরে যাবে ইকে ৫৭১ সকাল ৯টা ২০ মিনিটে।
