মেহেদী হাসান রানা, আলীকদম, বান্দরবান।
বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতায় মহা প্রবারণা উৎসব উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কুরুকপাতা ব্যবসায়ী একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুরুকপাতা যুব সংঘ একাদশ। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন জিসান।
আজ বিকেল সাড়ে ৩টায় কুরুকপাতা বাজারসংলগ্ন মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে যুব সংঘ একাদশ। গত ১১ অক্টোবর শুরু হওয়া এ টুর্নামেন্টে ১২টি দল অংশ নেয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন মেনদানপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন অহিদ আল ইকরাম। এ সময় জোন সদরের পক্ষে ক্যাম্প জেসিও হিসেবে দায়িত্ব পালনকারী সিনিয়র ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে। পাশাপাশি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতেও খেলাধুলার ভূমিকা রয়েছে। এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপরও তাঁরা গুরুত্ব দেন।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল কুরুকপাতা যুব সংঘ একাদশকে ২৫ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়। রানার্সআপ কুরুকপাতা ব্যবসায়ী একাদশ পায় ১০ হাজার টাকা ও ট্রফি। এ ছাড়া সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান জিসান।
উৎসবমুখর পরিবেশে খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়। স্থানীয়দের আশা, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং পাহাড়ে পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার হবে।
চট্টগ্রামনিউজ/ আরএমকে/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
