প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না।
তিনি বলেন, ‘অতীতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে।
কিন্তু দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’ শনিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ এর ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং চব্বিশের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানসহ প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে যেভাবে দেশের স্বাধীনতা অর্জন করেছেন, একইভাবে ২০২৪ সালে দেশের বীর ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে আমাদের দুটি প্রধান দায়িত্ব রয়েছে। প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে- যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা।
দ্বিতীয়টি হচ্ছে- শহীদদের কাঙ্ক্ষিত একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা। সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু হয়েছে। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। সেই থেকে দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলা শুরু হলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ ঘোষণা করে সশস্ত্র প্রতিরোধে ঝাঁপিয়ে পড়েন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজের লেখা বিভিন্ন নিবন্ধের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে তিনি সেনাবাহিনীর কর্মকর্তা, জেসিও ও সৈনিকদের সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন। পরদিন ২৭ মার্চ তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পুনরায় প্রচার করেন।
তারেক রহমান বলেন, একটি দেশের সশস্ত্র বাহিনী তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, গৌরব, সাহস ও শৌর্যের প্রতীক। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্ট এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে।
তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। ওই হত্যাযজ্ঞের পর বাংলাদেশকে যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, তা দেশবাসীর জানা।
সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিশালী করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি সরকার সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।
তারেক রহমান বলেন, তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায়, যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে।
বর্তমান বিশ্বের নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন সরকারের পরিকল্পনার অংশ।
সশস্ত্র বাহিনীর শক্তিমত্তার জন্য চেইন অব কমান্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার কোনো বিকল্প নেই।
সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও উন্নয়নের পাশাপাশি তাদের এবং পরিবারের সদস্যদের জীবনমান উন্নয়নেও সরকার আন্তরিক উল্লেখ করে তারেক রহমান বলেন, এরই অংশ হিসেবে যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে ইতোমধ্যে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়ে বলেন, বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশ ও বিদেশে দায়িত্ব পালনের প্রশংসা করে তিনি বলেন, পাহাড়ের দুর্গম জনপদ থেকে শুরু করে দেশের দুর্যোগকবলিত এলাকায় যখনই প্রয়োজন হয়েছে, সশস্ত্র বাহিনীর সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাদের ভূমিকা প্রশংসনীয়।
তারেক রহমান বলেন, বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশের নারী ও পুরুষ সদস্যরা সুনাম অর্জন করেছেন। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমনে এবং বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে সশস্ত্র বাহিনীর অনেক সদস্য শহীদ ও আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী দেশে-বিদেশে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহত সদস্যদের প্রতিও তিনি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বন্ধুপ্রতিম দেশগুলোর কূটনৈতিক প্রতিনিধি ও অতিথিদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বন্ধুপ্রতিম দেশ ও তাদের জনগণের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ ও সহযোগিতায় তাদের অব্যাহত সমর্থন কামনা করেন।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের অব্যাহত অংশগ্রহণ ও সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহৎ প্রচেষ্টায় বাংলাদেশের সদস্যরা পূর্ণ অঙ্গীকার নিয়ে কাজ করে যাবেন।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী সেনানিবাসে এসে ব্যক্তিগতভাবে স্মৃতিকাতর হয়ে পড়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘসময় এই সেনানিবাসে কাটিয়েছেন।
প্রধানমন্ত্রী হিসেবে এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে তিনি বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তার জীবনের শেষ অংশগ্রহণ।
প্রধানমন্ত্রী তার মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা হাসিনা মহিউদ্দিন ও ভগ্নিপতি সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে খুলশী থানা-পুলিশ । হাসিনা মহিউদ্দিন চট্টগ্রাম নগর মহিলা লীগ সভানেত্রী ছিলেন। রোববার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি জানাজানি হয়। এর আগে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে নওফেলের ভগ্নিপতি ডা. সেলিমকে আটক করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, অভিযান এখনও চলমান। বিস্তারিত পরে জানানো হবে। একিকে আটক সলিম আকতার চৌধুরীকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জামাতা ও সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা । এদিকে রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে হাসিনা মহিউদ্দিকে গ্রেফতার করা হয়। হাসিনা মহিউদ্দিন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিণী এবং সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের মা। তবে হাসিনা মহিউদ্দিনের গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, ডা. সেলিমকে গ্রেপ্তারের সময় একই ভবনে উপস্থিত ছিলেন হাসিনা মহিউদ্দিন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান ডা.সেলিম আকতারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিম আকতারকে আটক করা হয়েছে। পুলিশ বর্তমানে অভিযান পরিচালনা করছে। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বিবেচনায় বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার।
রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তা কার্যক্রম জোরদারের জন্য বলা হয়েছে। বিদ্যুৎ বিভাগের চিঠিতে বলা হয়েছে, দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো), রুরাল পাওয়ার কোম্পানি (আরপিসিএল) ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিসহ বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান।
এর আগে আজ রোববার সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৈঠকে মাঠ পর্যায়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।
চলতি (নভেম্বর) মাসে দেশের বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচি ঘিরে এসব ঘটনার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। গত ৭ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ১০১টি যানবাহনে আগুন এবং ১০০টি ককটেল বিস্ফোরণের তথ্য জানিয়েছে পুলিশ।
এছাড়া ২৯ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ স্থাপনাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার খবরও প্রকাশিত হয়েছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে বিদ্যুৎ বিভাগের এ নির্দেশনা এলো।
দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সময় নতুন করে নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা রাখা যাবে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সঙ্গে সরকারের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রতিনিধিদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বৈঠকে মার্কেট ও বিপণিবিতানে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করতে বিশেষ ঋণ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়। যেসব মার্কেট সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করতে চায়, তাদের ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে সরকার। তবে স্থাপন করা সৌর প্যানেলের মান নিশ্চিত করার ওপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থাপন করা সৌর প্যানেলগুলো অবশ্যই মানসম্মত হতে হবে। এ জন্য সংশ্লিষ্ট প্যানেলের ক্ষেত্রে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সনদ গ্রহণ করতে হবে। এরপরও নিম্নমানের সৌর প্যানেল ব্যবহার করা হলে বিএসটিআই এবং স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়েছে।
বৈঠকে দেশের বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টিও তুলে ধরেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি বলেন, “দেশে প্রতিদিন তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। সাধারণ মানুষ এসব ঘটনাকে লোডশেডিং মনে করলেও এগুলো মূলত বিদ্যুৎ বিভ্রাট।”
সংবাদ বিজ্ঞপ্তিতে থাইল্যান্ডের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের তুলনাও তুলে ধরা হয়। এতে বলা হয়, থাইল্যান্ডের আবহাওয়া বাংলাদেশের মতো হলেও সেখানে একজন গ্রাহক গড়ে বছরে একবার পাঁচ থেকে সাত মিনিটের বিদ্যুৎ বিভ্রাটের শিকার হন। অন্যদিকে বাংলাদেশে একজন গ্রাহক বছরে প্রায় ১ হাজার ৯৫ বার বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েন। এ পরিস্থিতিকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বিদ্যুৎ বিভ্রাট কমাতে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান সমিতির সভাপতি।
জবাবে বিদ্যুৎমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
