আজকাল ওয়েবডেস্ক: সোমবার উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কনভয়ের কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে, রাহুল গান্ধী অক্ষত ও নিরাপদ আছেন বলেই জানা গিয়েছে। ৯১ নম্বর মাইলফলকের কাছে পাঁচটি গাড়ি ও একটি অ্যাম্বুল্যান্সের একে অপরের সঙ্গে ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দলের কর্মী, পদাধিকারী এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন ব্যক্তি রয়েছেন।
https://x.com/PTI_News/status/2114589643647988150
রাহুল গান্ধী সুলতানপুর যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। সেখানে একটি বিশেষ এমপি-এমএলএ আদালতে তাঁর বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার আজই রায় ঘোষণার কথা রয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই-এর তথ্য অনুযায়ী, সোমবার সকালে কংগ্রেস নেতা লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। লোকসভায় বিরোধী দলনেতা তথা রায়বেরিলির সাংসদ রাহুল গান্ধীকে স্বাগত জানাতে বিমানবন্দরে শত শত কংগ্রেস কর্মী ও স্থানীয় দলীয় নেতারা জড়ো হয়েছিলেন।
সুলতানপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রাহুল গান্ধী সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি।
মামলাটি ২০১৮ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে বেঙ্গালুরুতে আয়োজিত একটি জনসভায় তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর করা আপত্তিকর মন্তব্যের অভিযোগ সংক্রান্ত।
সুলতানপুরের জেলা সমবায় ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান তথা স্থানীয় বিজেপি নেতা বিজয় মিশ্র ২০১৮ সালের ৪ আগস্ট রাহুল গান্ধীর বিরুদ্ধে এই মানহানির অভিযোগ দায়ের করেছিলেন। ২০২৩ সালে রাহুল গান্ধী আদালতে হাজিরা দিয়ে জামিন পেয়েছিলেন। আদালত প্রথমে রায় ঘোষণার জন্য ১৩ অক্টোবর তারিখ নির্ধারণ করেছিল, যা পরবর্তীতে ২৬ অক্টোবর ধার্য করা হয়।
পুলিশ কর্তারা পিটিআই-কে জানিয়েছেন যে, আদালতের কার্যক্রমকে কেন্দ্র করে সুলতানপুরে, বিশেষ করে আদালত চত্বরের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
