আজকাল ওয়েবডেস্ক: আজ রাতেই শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে অর্ণব। আগামিকাল আরও শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে, সম্ভাবনা বুধ সকালে স্থলভাগে আছড়ে পড়ার।
সোমবার সকাল সাড়ে ১১টার সময় ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর অবস্থান ছিল ওড়িশার গোপালপুর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৫৮০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, আন্দামান দ্বীপপুঞ্জ থেকে ৬৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে, কাকিনাড়া থেকে ৬৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, মছলিপত্তনম থেকে ৭৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল এই ঘূর্ণিঝড়।
ঘূর্ণিঝড়ের সতর্কতায়, পরিস্থিতি বিচারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দু'দিন স্কুল বন্ধের ঘোষণা। ২৬ ও ২৭ অক্টোবর সমস্ত স্কুল বন্ধ সেখানে। পাশাপাশি, বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সতর্ক করেছে যে, সমুদ্র অত্যন্ত উত্তাল থাকবে; তাই মৎস্যজীবীদের বসাগরে না যাওয়ার পরামর্শ, একইসঙ্গে সাগর উত্তাল থাকার কারণে পর্যটকদের ও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
অন্যদিকে, আইএমডি ভুবনেশ্বরের ডিরেক্টর মনোরমা মোহান্তি জানিয়েছেন, ২৭ অক্টোবর সন্ধ্যা থেকে ওড়িশায়—বিশেষ করে পুরী, গঞ্জাম, গজপতি, রায়গড়া ও কোরাপুট জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২০ সেমির বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ওই জায়গাগুলিতে। আটজন মন্ত্রীকে আটটি জায়গার পরিস্থিতির দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। ওড়িশা সরকার ছ'টি জেলায় সমুদ্রে মাছ ধরা এবং পাহাড়, জলপ্রপাত ও বাঁধ এলাকায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), ওড়িশা বিপর্যয় দ্রুত পদক্ষেপ বাহিনী (ওডিআরএএফ), দমকল ও জরুরি পরিষেবা বিভাগ এবং পুলিশের কর্মীদের ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে আগে থেকেই মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে ঘূর্ণিঝড় অর্ণব-এর প্রভাবে ২৮ থেকে ৩১ অক্টোবরের মধ্যে উত্তর প্রদেশে বৃষ্টি, বজ্রপাত এবং ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা। ২৯ ও ৩০ অক্টোবর রাজ্যের বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই দিনগুলিতে দিনের তাপমাত্রা ৫–৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। বাসিন্দাদের সরকারি আবহাওয়া সতর্কবার্তা মেনে চলার, ঝড়ের সময় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার এবং গৃহপালিত পশুদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অর্ণব-এর প্রভাবে তেলেঙ্গানা, বিহার, মধ্যপ্রদেশেও শীতের মুখে বৃষ্টি সম্ভাবনা।
https://www.youtube.com/watch?v=JwFdq_tA9cE
