সাতক্ষীরার শ্যামনগরে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে মদ্যপানের পর অসুস্থ হয়ে চার দিন চিকিৎসাধীন থেকে মারা গেছে দীপুরাজ হাউলি (১৩) নামে এক স্কুলছাত্র। রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
দীপুরাজ উপজেলার আটুলিয়া ইউনিয়নের আড়পাঙাশিয়া গ্রামের গৌতম হাউলির ছেলে। সে আড়পাঙাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ জোয়ারদার জানান, গত বুধবার সন্ধ্যার পর খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জন দেখতে বন্ধুদের সঙ্গে ট্রলারে ওঠে দীপুরাজ। এ সময় সে মদ্যপান করে। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে পরদিন সকালে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা সমীর জোয়ারদার জানান, দীপুরাজ যে মদ পান করেছিল, সেটি হোমিওপ্যাথিক ওষুধ তৈরিতে ব্যবহৃত অ্যালকোহল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ওই পদার্থ পানের কারণে শিশুটির খাদ্যনালি ও পাকস্থলী পুড়ে যায়।
এ বিষয়ে বক্তব্য জানতে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফিউল ইসলাম পাটোয়ারীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
