বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি সোমবার সকালেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণবে’। আগামী দু’দিনে তা আরও শক্তিবৃদ্ধি করে বুধবার, ২৮ অক্টোবর সকালে আছড়ে পড়তে চলেছে বিশাখাপত্তনমে। বঙ্গে ঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও আগামিকাল মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। সেইসঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে। তবে সবটাই নির্ভর করছে ঘূর্ণিঝড় ‘অর্ণবে’র গতিবিধির উপর। সেদিকে নজর রেখেছেন আবহাওয়াবিদরা।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ রাতেই এটি শক্তিশালী সাইক্লোনের আকার নেবে। মঙ্গলবার সকালে আরও শক্তিসঞ্চয় করে ক্রমশ উপকূলে দিকে ধেয়ে যাবে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে পূর্ব-মধ্য ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে অর্ণব। ওড়িশার গোপালপুর থেকে ৫৮০ কিমি দক্ষিণপূর্বে, বিশাখাপত্তনম থেকে ৬১০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে এবং কাকিনাড়া থেকে ৬৯০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থান। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ রাতেই এটি শক্তিশালী সাইক্লোনের আকার নেবে। মঙ্গলবার সকালে আরও শক্তিসঞ্চয় করে ক্রমশ উপকূলে দিকে ধেয়ে যাবে। আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাসের কথায়, বুধবার দুপুরের মধ্যে বাপতলা ও বিশাখাপত্তনমের মধ্যে ইয়ানামের কাছে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করবে অতি প্রবল এই ঘূর্ণিঝড়। সেই সময় হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটার।
এদিকে অর্ণবের প্রভাব সরাসরি বাংলায় না পড়লেও আগামিকাল মঙ্গলবার থেকেই রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামিকাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তবে বুধবার বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবারও। বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ফলে এই সময়ে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই নয়, বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার থেকে বৃষ্টি হবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকী পরের দিন অর্থাৎ শুক্রবারও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে।
