ইসরায়েলের জাতীয় নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় সমর্থকদের দ্রুত কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় নেতানিয়াহু দাবি করেন, ‘ইসরায়েলকে রক্ষা করতে’ তাদের হাতে আর মাত্র চার ঘণ্টা সময় বাকি রয়েছে। খবর আল জাজিরার।
নির্বাচনের শুরু থেকেই বিরোধীরা নেতানিয়াহুর বিরুদ্ধে ‘ভয় ভীতি প্রদর্শন ও উসকানি’ দেওয়ার অভিযোগ তুলে আসছেন। বিশেষ করে, আরব নাগরিকরা ভোটকেন্দ্রে ‘ছুটে আসছেন’- এমন মন্তব্য করে সমর্থকদের উসকে দেওয়ার চেষ্টার পর তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা। তবে ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, নির্ধারিত সময়ে যারা ভোটকেন্দ্রের লাইনে দাঁড়িয়ে থাকবেন, তারা সবাই ভোট দেওয়ার সুযোগ পাবেন।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারেৎস’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ভোটগ্রহণের সময়সীমা বাড়ানোর যেকোনো প্রস্তাব বা দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী দল ‘ইয়াসার’।
আইজেনকোটের দলের এক শীর্ষ কর্মকর্তা হারেৎসকে বলেন, ‘নেতানিয়াহু মূলত আগে থেকেই এমন একটি প্রেক্ষাপট তৈরি করতে চাইছেন, যাতে নির্বাচনের ফল বিপক্ষে গেলে তিনি নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন এবং কারচুপির দাবি উত্থাপন করতে পারেন।