মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল একটি হাতির ছানা। সাত ঘণ্টা চেষ্টার পর অবশেষে তাকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন বনকর্মীরা। ঘটনাটি কার্শিয়াঙের। সেই মন ভাল করা ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
সংবাদ প্রতিবেদন অনুসারে, একটি জলের ট্যাঙ্কিতে পড়ে গিয়েছিল ছানা-সহ মা হাতিটি। বনবিভাগের কর্মীরা দু’টিকেই উদ্ধার করেন। কিন্তু ঘটনাচক্রে মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে শাবকটি। এর পর সাত ঘণ্টা ধরে সেটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যান বনকর্মীরা। অবশেষে সফল হন তাঁরা। মা এবং ছানা একে অপরকে খুঁজে পায়।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (আইএফএস)-এর কর্তা পরবীন কাসবান এক্স-এ (সাবেক টুইটার) নিজের অ্যাকাউন্ট থেকে পুনর্মিলনের সেই মিষ্টি ঘটনাটির একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সেখানে দেখা গিয়েছে, হস্তীশাবকটির গা থেকে ময়লা ঘষে ঘষে তুলছেন জনা কয়েক বনকর্মী। এর পর একটি গাড়ি থেকে সেটিকে নামানো হল। তখন একটি জঙ্গলের দিকে হেঁটে যেতে শুরু করে সেটি।
ভিডিয়োর পরের অংশে দেখা যায়, ঘন গাছপালার মধ্য থেকে একটি পূর্ণবয়স্ক হাতিকে বেরিয়ে এল। প্রাণীটি কিছু ক্ষণের জন্য আবার গাছপালার আড়ালে মিলিয়ে যায়। খানিক পরেই নিজের দলের সঙ্গে ফিরে আসে। এর পর সকলে মিলে ছানাটিকে সঙ্গে নিয়ে গাছপালার আড়ালে অদৃশ্য হয়ে যায়।
ভিডিয়োটি দেখে মন ভাল হয়ে গিয়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। বহু নেটাগরিক তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। ছানাটি যে ভাবে তার দলের সঙ্গে মিশে গিয়েছে, তা দেখে মন ভরে গিয়েছে সকলের। পাশাপাশি, বনকর্মীদের কাজের প্রশংসাও হয়েছে নেটপাড়া জুড়ে।
