দিনাজপুর-৬ আসনের তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও তাঁদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে চাকরি মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ড. জাহিদ হোসেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় বিরামপুর সরকারি কলেজ মাঠে নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার বেকার তরুণ-তরুণীদের নিয়ে আয়োজিত দিনব্যাপী এই ‘জব ফেয়ার’ বা চাকরি মেলার শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, তরুণ সমাজকে কর্মমুখী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন। দিনাজপুর-৬ আসনের ভৌগোলিক অবস্থান কিছুটা বিচ্ছিন্ন এবং জেলা সদর থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে হওয়ায় এ অঞ্চলের তরুণদের স্বাবলম্বী করা অত্যন্ত জরুরি। তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে যে জাগরণ তৈরি হবে, তা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, কেবল দিনাজপুর-৬ আসন নয়, পুরো দিনাজপুর জেলাকে আগামী প্রজন্মের জন্য সামর্থ্যবান ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।
আয়োজকদের সূত্রে জানা যায়, সকাল ১১টায় উদ্বোধনের পর বিকেল ৫টা পর্যন্ত চলে এই মেলা। এতে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানসহ শতাধিক প্রতিষ্ঠান অংশ নেয় এবং ২৪ হাজারের বেশি চাকরিপ্রার্থী সরাসরি আবেদন করার সুযোগ পান।
চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, চাকরিপ্রার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
