বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও চুরি প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান ইতু।
সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমন, চুরি প্রতিরোধ, শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান খান, বান্দরবান জেলা বিএনপির সদস্য নুরুল আমিন কোম্পানি, উপজেলা জামায়াতের সাবেক আমির রফিক আহমদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী হামিদা চৌধুরী।
এ ছাড়া সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সভায় অংশ নেন।
উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।
The post নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা সভা, আলোচনায় মাদক ও কিশোর গ্যাং appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
