এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হেরে টানা জয়ের ধারা থেমেছে। সেই ধাক্কা সামলে ওঠার আগেই আরও দুঃসংবাদ পেল বার্সেলোনা। রিয়ালের বিপক্ষে চোট পাওয়া তরুণ ডিফেন্ডার হাভি এসপার্তকে প্রায় সাত সপ্তাহের জন্য হারিয়েছে কাতালান ক্লাবটি। এমনিতেই একের পর এক চোটে বিপর্যস্ত বার্সেলোনার রক্ষণভাগ।
রোববার রাতে ক্যাম্প ন্যুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। ম্যাচের ৩০ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় এসপার্তকে। তার জায়গায় নামেন আলেহান্দ্রো বালদে। পরে পরীক্ষায় তরুণ এই ডিফেন্ডারের ডান পায়ের গোড়ালির লিগামেন্টের সংযোগস্থলে চোট ধরা পড়ে।
সোমবার এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের একজন ফুটবলারের সঙ্গে সংঘর্ষে এসপার্তের ডান গোড়ালির সিন্ডেসমোসিস অংশে চোট লেগেছে। আনুমানিক সাত সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।’
এসপার্তের জন্য চোটটি এসেছে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ এক সময়ে। বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা এই ফুটবলার চলতি মৌসুমেই মূল দলে নিয়মিত সুযোগ পেতে শুরু করেছেন। অল্প সময়ের মধ্যেই ফ্লিকের আস্থা অর্জন করে একাদশেও জায়গা করে নিয়েছেন।
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত নয় ম্যাচ খেলেছেন এসপার্ত। দুটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি। রক্ষণের দুই প্রান্তেই খেলতে পারার কারণে ফ্লিকের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন তিনি।
তবে তার অনুপস্থিতি বার্সেলোনার জন্য আরও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অন্য ডিফেন্ডারদের চোটের কারণে। এরই মধ্যে মাঠের বাইরে রয়েছেন জুলস কুন্দে, এরিক গার্সিয়া ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। চোটের তালিকায় রয়েছেন আক্রমণাত্মক মিডফিল্ডার দানি ওলমোও।
ফলে আপাতত মূল দলের ফিট ডিফেন্ডার বলতে ফ্লিকের হাতে আছেন মাত্র চারজন জোয়াও কানসেলো, আলেহান্দ্রো বালদে, পাউ কুবারসি ও জেরার্দ মার্তিন। তাদের কাউকে নতুন করে হারালে রক্ষণ সাজানো আরও কঠিন হয়ে পড়বে জার্মান কোচের জন্য।
