একদিন বন্ধ থাকার পর কিশোরগঞ্জ-মহাখালী সড়কে বাস চলাচল শুরু
এস কে রাসেলপ্রকাশ:
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
একদিন বন্ধ থাকার পর কিশোরগঞ্জ-মহাখালী সড়কে বাস চলাচল শুরু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে এ সড়কে বাস চলাচল শুরু হয় বলে জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর রেজা মুরাদ।
এর আগে রোববার (২৫ অক্টোবর) কিশোরগঞ্জ ও ঢাকার মহাখালী বাস টার্মিনালের মালিকদের দ্বন্দ্বের জেরে অনন্যা, অনন্যা ক্লাসিক, উজানভাটি ও জলসিঁড়ি পরিবহনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকাগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েন। বিশেষ করে ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে যাওয়া চাকরিজীবীরা বিপাকে পড়েন। বাস বন্ধ থাকায় কেউ কেউ বিকল্প হিসেবে ট্রেনে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেন।
আলমগীর রেজা মুরাদ বলেন, বাস চলাচল বন্ধের পেছনে থাকা সমস্যা নিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির সভা হওয়ার কথা রয়েছে। ঢাকার লোকজনের দেওয়া অতিরিক্ত বাস বন্ধ করা হয়েছে। এখন আগের বাসগুলোই চলবে। ফলে সকাল থেকে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল শুরু হয়েছে।
সোমবার সকাল থেকে বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে। তবে দুই এলাকার পরিবহন মালিকদের বিরোধের স্থায়ী সমাধান হবে কি না, তা আগামীকাল মঙ্গলবারের কেন্দ্রীয় কমিটির সভার পর স্পষ্ট হতে পারে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
