
শাহরুখের ‘কিং’ পোস্টারে আগুনঝরা লুক, ‘খুনি নই, প্রেমিক’ সংলাপে তোলপাড়
গত বছর নিজের ৬০তম জন্মদিনে আসন্ন সিনেমার টিজার প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বছর ঘুরে আবারও আসছে তাঁর জন্মদিন। এর আগেই নতুন চমক নিয়ে হাজির হলেন কিং খান। প্রকাশ করলেন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর অফিসিয়াল পোস্টার, যা ঘিরে ভক্তদের মধ্যে নতুন করে তৈরি হয়েছে উন্মাদনা।
মঙ্গলবার সকালে প্রকাশিত পোস্টারে শাহরুখের সম্পূর্ণ ভিন্ন এক লুক নজর কেড়েছে সবার। পাকা চুল, মুখভর্তি ধূসর দাড়ি আর রুক্ষ চেহারায় তাঁকে দেখা গেছে এক ভয়ংকর ও রহস্যময় চরিত্রে। শুধু লুক নয়, পোস্টারের সঙ্গে জুড়ে দেওয়া তাঁর সংলাপও দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।
‘কিং’-এর টিজার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বিশেষ করে শাহরুখের বয়সের ছাপ স্পষ্ট এমন ব্যতিক্রমী চেহারা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। এবার অফিসিয়াল পোস্টার প্রকাশের পর সেই আগ্রহ যেন আরও কয়েক গুণ বেড়েছে।
পোস্টারে কালো পোশাকে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শাহরুখকে। তাঁর পোশাকে লেগে আছে রক্তের দাগ, চোখেমুখে কঠোর অভিব্যক্তি। পেছনে আগুনে ঘেরা বৃত্তাকার কাঠামো, চারপাশে জ্বলছে আগুন। পুরো দৃশ্যজুড়ে ফুটে উঠেছে ধ্বংসযজ্ঞ ও রহস্যময় এক জগতের আবহ। সব মিলিয়ে চিরচেনা রোমান্টিক নায়কের খোলস ছেড়ে এবার যেন সম্পূর্ণ ভিন্ন এক অবতারে হাজির হয়েছেন বলিউডের এই সুপারস্টার।
পোস্টারের সঙ্গে শাহরুখের দেওয়া সংলাপটিও বিশেষভাবে নজর কেড়েছে। সেখানে তিনি লিখেছেন, ‘আজ আবার মনে পড়ল... খুনি নই, প্রেমিক।’ সংলাপটি ঘিরে সিনেমায় তাঁর চরিত্রের প্রকৃতি ও গল্পের রহস্য নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সব মিলিয়ে জন্মদিনের আগেই ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশ করে ভক্তদের অপেক্ষা আরও বাড়িয়ে দিলেন শাহরুখ খান।
সংলাপটি সামনে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। অ্যাকশনধর্মী আবহের পোস্টারে প্রেমিকের কথা বলে শাহরুখ আসলে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।
পোস্টার প্রকাশের পর সামাজিক মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন অনুরাগীরা। কেউ শাহরুখকে ‘কিং’ বলে অভিহিত করেছেন, কেউ আবার সিনেমাটিতে নতুন মাত্রার অ্যাকশন দেখার অপেক্ষার কথা জানিয়েছেন। এক ভক্ত লিখেছেন, ‘আমরা এখন কিং-এর যুগে আছি।’ আরেকজন লিখেছেন, ‘পরবর্তী পর্যায়ের উন্মাদনার অপেক্ষায় আছি।’
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে; পোস্টারেই উল্লেখ রয়েছে তা। সিনেমাটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স। তবে অনুমান করা হচ্ছে, আগামী ২ নভেম্বর শাহরুখ খানের আসন্ন জন্মদিনে ছবিটির প্রচারমূলক টিজার বা ট্রেলার কিছু একটা প্রকাশ হতে পারে।
সিদ্ধার্থ আনন্দ এর আগে শাহরুখের সঙ্গে তার কাজ করা ‘পাঠান’ এবং ‘জওয়ান’ বিশাল সাফল্য পায়। নতুন এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চন ও শাহরুখের মেয়ে সুহানাকে। দীর্ঘ বিরতির পর শাহরুখকে নতুন ছবিতে দেখার অপেক্ষায় এখন দর্শকেরা।
