পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ৪১ টন পারমাণবিক জ্বালানিবাহী গাড়িবহর। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জ্বালানিবাহী গাড়িবহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওনা দেয় গাড়িবহরটি। সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় সড়কপথে পারমাণবিক জ্বালানি পরিবহন করা হয়।
জ্বালানিবাহী গাড়িবহর নিরাপদে প্রকল্প এলাকায় পৌঁছাতে ঢাকা থেকে পাবনা পর্যন্ত সংশ্লিষ্ট জেলাগুলোতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এ সময় সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে সোমবার সকাল ৮টা ১৪ মিনিটে রাশিয়ার একটি বিশেষ বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিতে ১২টি টিপিএসে এসব জ্বালানি পরিবহন করা হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের জন্য রাশিয়া থেকে এ জ্বালানি আনা হয়েছে। এর আগেও কয়েক দফায় প্রকল্পটির জন্য পারমাণবিক জ্বালানি আমদানি করা হয়েছে।
চলতি বছরের মধ্যেই আরও কয়েকটি চালানে পারমাণবিক জ্বালানি রূপপুরে আসার কথা রয়েছে। এসব জ্বালানি প্রকল্পটির কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
The post রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান appeared first on ভোরের চেতনা.
