রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে মারুফ হোসেন দুখু (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ধলপুর সিটি গলির পাশে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় মারুফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মারুফ ধলপুর এলাকার প্রয়াত আব্দুর রশিদের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তিনি সায়েদাবাদ মালঞ্চ সেন্টারের পাশে একটি পাতিল তৈরির কারখানায় কাজ করতেন।
মারুফের স্ত্রী মিম জানান, সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পথে বাসার পাশের সিটি পল্লীর মাঠে দুর্বৃত্তরা তাঁর স্বামীকে গুলি করে। তাঁর দাবি, মারুফ কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব বা বিরোধে জড়িত ছিলেন না। কারা এবং কী কারণে তাঁকে গুলি করেছে, তা তিনি জানেন না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
