কিশোরগঞ্জ সদর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ইমরান (৩৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার রাতে উপজেলার মারিয়া ইউনিয়নের প্যাড়াভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমরান উপজেলার একই ইউনিয়নের মধ্য কাতিয়ারচর এলাকার মৃত আব্দুস শহীদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্যাড়াভাঙ্গা এলাকার আবুল কালামের কাছে ইমরানের ২ হাজার ৪০০ টাকা পাওনা ছিল। সেই টাকা নিতে সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন তিনি। পরে আবুল কালামের বাড়িতে গিয়ে পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আবুল কালাম ইমরানকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমএ
