রাষ্ট্রায়ত্ত তিন বাণিজ্যিক ব্যাংক—বেসিক ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি এবং অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে তিন ব্যাংকারকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের অনুমোদন দিয়েছে সরকার। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপসচিব আফরোজা আক্তার রিবা।
ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, জনতা ব্যাংকের বর্তমান উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হুদাকে বেসিক ব্যাংক পিএলসির এমডি পদে দায়িত্ব দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে। এ ছাড়া সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলমকে জনতা ব্যাংক পিএলসি এবং যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদকে অগ্রণী ব্যাংক পিএলসির নতুন এমডি ও সিইও হিসেবে দায়িত্ব প্রদানের সুপারিশ করা হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনায় জানানো হয়েছে, মনোনীত কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানে যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছর মেয়াদে এই চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ অনুযায়ী যাবতীয় বিধিবিধান অনুসরণ করে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
