শিক্ষাক্ষেত্রে অনন্য উৎকর্ষতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধের প্রসার এবং মানসম্মত শিক্ষা ও মেধা বিকাশের মাধ্যমে আলোকিত প্রজন্ম বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কুড়িগ্রাম জেলা পর্যায়ে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা-২০২৫’ প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে ‘ফাইট আনটিল লাইট’ (ফুল)-এর আয়োজনে এবং ‘ফুল শিক্ষাবৃত্তি-২০২৫’-এর আওতায় এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, আয়োজক সংস্থা ‘ফাইট আনটিল লাইট’-এর প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঘোষিত তালিকায় জেলা পর্যায়ে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রথম স্থান অর্জন করেছে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান রাখা সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানান। তিনি শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আলোকিত প্রজন্ম গঠনে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
জেএইচআর
