জাতীয় দলের পেসারদের নিয়ে ডি-থ্রি ট্রফির নিলামে যেন রীতিমতো কাড়াকাড়ি অবস্থা। একের পর এক বড় অঙ্কের পয়েন্ট হাঁকিয়ে ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
‘এ’ ক্যাটাগরির নিলাম পর্ব শেষে সর্বোচ্চ দর উঠেছে পেসার শরিফুল ইসলামকে নিয়ে। ২ কোটি ৩০ লাখ পয়েন্টে এই বাঁহাতি পেসারকে দলে নিয়েছে সিটিজেন ব্যাংক। দ্বিতীয় সর্বোচ্চ দর হাঁকিয়েছেন তাসকিন আহমেদ। এই পেসারকে দলে নিতে ২ কোটি ১০ লাখ পয়েন্ট খরচ করতে হয়েছে ওয়ালটনকে। আর ওপেনার তানজিদ হাসান তামিমকে ২ কোটি পয়েন্টে দলে নিয়েছে ফরচুন।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ঘরোয়া প্রতিযোগিতা ডি-থ্রি ট্রফির খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে পয়েন্টের হিসাবে সবচেয়ে বেশি মূল্য পেয়েছেন শরিফুল। তার পরই রয়েছেন তাসকিন ও তানজিদ। জাতীয় দলের পেসারদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ যেমন ছিল চোখে পড়ার মতো, তেমনি ব্যাটারদের দলে নিতেও কম খরচ করেনি দলগুলো।
নিলামে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে সাইফ হাসানকে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। একই পয়েন্টে হাসান মাহমুদকে কিনেছে এইচ ব্লু স্টার। জাতীয় দলের দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের জন্যও বড় অঙ্কের পয়েন্ট খরচ হয়েছে। শান্তকে ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফরচুন, একই পয়েন্টে লিটনকে কিনেছে ওয়ালটন।
এ ছাড়া শেখ মাহাদিকে ১ কোটি ৫০ লাখ পয়েন্টে দলে নিয়েছে এইচ ব্লু স্টার। একই পয়েন্টে খালেদ আহমদকে কিনেছে সেভেন রিংস সিমেন্ট। এনামুল হক বিজয়কে ৯০ লাখ পয়েন্টে দলে পেয়েছে এইচ ব্লু স্টার। আর জাকের আলি অনিককে ১ কোটি ৭০ লাখ পয়েন্টে কিনেছে সিটিজেন ব্যাংক।
অভিজ্ঞ ক্রিকেটারদের দলে ভেড়াতেও পিছিয়ে ছিল না ফ্র্যাঞ্চাইজিগুলো। তাইজুল ইসলামকে ৮০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট, একই পয়েন্টে মুমিনুল হক সৌরভকে কিনেছে ওয়ালটন। সৌম্য সরকারকে ৭৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফরচুন, একই পয়েন্টে নাহিদ রানাকে পেয়েছে এইচ ব্লু স্টার।
তবে ‘এ’ ক্যাটাগরি থেকে জাতীয় দলের আরেক তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ৭০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। অন্যদিকে লেগ স্পিনার রিশাদ হোসেনকে ৬০ লাখ পয়েন্টে কিনেছে ফরচুন। তবে বিগ ব্যাশে ব্যস্ত সূচির কারণে ডি-থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণে খেলবেন না রিশাদ।
ডি-থ্রি বা ডোমেস্টিক থ্রি ট্রফি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিসিবির নতুন উদ্যোগ। চারদিনের ক্রিকেট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, তিন সংস্করণকে একই প্রতিযোগিতার আওতায় আনার পরিকল্পনা থেকে এই টুর্নামেন্টের যাত্রা। আগামী ১৫ ডিসেম্বর টি-টোয়েন্টি সংস্করণের মধ্য দিয়ে শুরু হবে আসর। এরপর জানুয়ারিতে মাঠে গড়াবে চারদিনের ম্যাচ, আর আগামী বছরের মে মাসে অনুষ্ঠিত হবে ওয়ানডে সংস্করণ।
ছয় দলের এই প্রতিযোগিতায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার নিয়ে স্কোয়াড গঠন করতে পারবে। নিলামের আগেই দলগুলো নিজেদের আইকন ক্রিকেটার নির্বাচন করেছে। ওয়ালটনের মেহেদী হাসান মিরাজ, ফরচুনের তাওহীদ হৃদয়, সেভেন রিংস সিমেন্টের মুশফিকুর রহিম, একমির মোসাদ্দেক হোসেন সৈকত, এইচ ব্লু স্টারের নুরুল হাসান সোহান ও সিটিজেন ব্যাংকের নাঈম শেখ আগেই দল পেয়েছেন।
