চট্টগ্রামের খুলশী থানার দুটি পৃথক মামলায় শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগাসহ ১৩ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। হাইকোর্টের দেওয়া ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন বগার ১২ সহযোগী।
বিজ্ঞাপন
শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে দেন। এছাড়া অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে থাকা প্রধান আসামি ওয়াকিল হোসেন বগাকে প্রোডাকশন ওয়ারেন্টের (পিডব্লিউ) মাধ্যমে আদালতে হাজির করা হয়।
মঙ্গলবার চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ জি এম মনিরুল হাসান শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের ডিসি (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী।
আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত দিনে বগার ১২ সহযোগী আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। এ সময় অন্য মামলায় কারাগারে থাকা ওয়াকিল হোসেন বগাকে কড়া পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে বগাসহ ১৩ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
কারাগারে পাঠানো অপর ১২ আসামি হলেন—রকি হোসেন প্রকাশ পিচ্চি, মনির হোসেন ইমন, মো. শাকিল, আবুল হাসান প্রকাশ কালা হাসান, জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান, মো. নওশাদ, সোহেল প্রকাশ ব্লেড সোহেল, আবুল কাশেম (আবু কাশেম), রবিন হোসেন, সাকিব হাসান ও দেলোয়ার হোসেন জিসান।
মামলার নথিপত্র থেকে জানা যায়, খুলশী থানায় দায়ের করা দুটি পৃথক মামলায় আসামিদের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা, সরকারি কাজে বাধা, মারধর, অনধিকার প্রবেশ, অপহরণ, চুরি, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে।
আসামিপক্ষে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী এবং সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমদসহ অন্য আইনজীবীরা।
এমএইচ
