বাগেরহাটের চিতলমারীতে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের ক্রীড়াদক্ষতা বিকাশের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
সভায় কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করা, প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করা এবং বিভিন্ন পর্যায়ে ক্রীড়া কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা হয়। কর্মসূচি সফল করতে উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চা তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক।
তাঁরা আরও বলেন, তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথ প্রশিক্ষণ, নিয়মিত প্রতিযোগিতা, উপযুক্ত মাঠ ও প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী নিশ্চিত করা গেলে ভবিষ্যতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরি সম্ভব হবে। ছেলে ও মেয়েদের সমান অংশগ্রহণের সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চশিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তা, চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) ইমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বিন্দু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, সদর ইউনিয়নের বিএনপি নেতা সেলিম খান, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে চিতলমারীর প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা আরও সম্প্রসারিত হবে।
The post চিতলমারীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতি সভা appeared first on ভোরের চেতনা.
