কালবেলা · general
১৪ মামলার আসামি ইউপি চেয়ারম্যান মজনু গ্রেপ্তার
২৬/১০/২০২৬

ফরিদপুরে বিভিন্ন অভিযোগে করা ১৪ মামলার আসামি ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মজনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান।
তিনি বলেন, ১৪ মামলার আসামি ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মজনুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাস পোড়ানো, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে।
ওসি মো. মাহমুদুল হাসান আরও বলেন, মজনু দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সর্বশেষ একটি যাত্রীবাহী বাস পোড়ানোর মামলায় তাকে প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছিলাম। কিন্তু অসুস্থতাবোধ করায় তাকে চিকিৎসার জন্য পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবার থানায় নিয়ে আসা হবে।
শহিদুল ইসলাম মজনু টানা দুই মেয়াদে ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। একইসঙ্গে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। এর আগে বিভিন্ন অভিযোগ ও মামলায় একাধিকবার কারাবরণ করলেও ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতন হলে তিনি গা-ঢাকা দেন। সরাসরি ইউনিয়ন পরিষদে খুব একটা সময় না দিলেও কৌশলে কার্যক্রম চালাচ্ছিলেন।
এর আগে তাকে চেয়ারম্যানের দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার করা হলেও তিনি আদালত থেকে সেটির স্থগিতাদেশ নিয়ে পরিষদের দায়িত্ব পালন করছিলেন। ক্ষমতার অপব্যবহারসহ তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗