পুজোয় রুটিন ভুলে পেটপুরে খাওয়া হয়েছে? তেল-ঝাল, ভাজাভুজি, মিষ্টি, ময়দার খাবার— কিছুই বাদ যায়নি। যাক, উৎসবের সময় একটু-আধটু অনিয়ম চলতেই পারে। তবে এ বার লাগাম টানার সময়। শরীরকে আবার নিয়মের মধ্যে ফেরাতে হবে। আর সেই কাজে আপনাকে সাহায্য করতে পারে একটি ‘ডিটক্স পানীয়’।
করীনা কপূরের পুষ্টিবিদ রুজুতা দিবেকর জানাচ্ছেন, নিয়মিত ‘গোল্ডেন ডিটক্স টি’ খেলে পেট পরিষ্কার হবে। পাশাপাশি, লিভারও ভাল থাকবে। শরীর থেকে বেরিয়ে যাবে টক্সিন। প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও সাহায্যকারী। এই পানীয় খেলে কোষ্ঠকাঠিন্য কমবে, কমবে হজমের সমস্যাও। এমনকি, মেদ কমাতেও সাহায্য করবে এই পানীয়।
কী ভাবে বানাবেন?
উপাদান:
১ গ্লাস ঈষদুষ্ণ জল
১/২ চা-চামচ হলুদগুঁড়ো বা ১ ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদবাটা
১/২ চা-চামচ আদাকুচি অথবা আদার রস, বা ১ ইঞ্চি পরিমাণ কাঁচা আদার টুকরো
১ টেবিলচামচ লেবুর রস
১ চা-চামচ মধু (ডায়াবিটিস থাকলে বা ওজন কমানোর জন্য হলে এড়িয়ে চলাই ভাল)
স্বাদমতো গোলমরিচগুঁড়ো
এক চিমটে দারচিনিগুঁড়ো
আধ চা-চামচ ঘি
প্রণালী:
একটি গ্লাসে হালকা গরম জল নিন। তাতে ঘি মিশিয়ে ভাল ভাবে মিশিয়ে নিন। এ বার এতে হলুদ, আদার রস, দারচিনি এবং গোলমরিচগুঁড়ো মিশিয়ে দিন। ভাল ভাবে মেশানোর পর লেবুর রস যোগ করুন। যদি মিষ্টির প্রয়োজন হয়, তবে মধু মেশান। সকালে খালি পেটে পান করা সবচেয়ে কার্যকরী।
